ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগার হাইফার বাজানে হামলা চালিয়েছে ইরান। হামলার পর বাজান ওয়েল রিফাইনারিতে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনগুলোতে বলা হয়, আঘাতপ্রাপ্ত এলাকা বাজান তেল শোধনাগারের অত্যন্ত স্পর্শকাতর অবকাঠামোর ভেতরে অথবা তার আশপাশে অবস্থিত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি ইসরায়েলের জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত।
ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, হামলার পরপরই শোধনাগার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা সক্রিয় করা হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, উত্তর ইসরায়েলের একটি স্থানে আঘাতের খবর পাওয়ার পর রিজার্ভ ও নিয়মিত বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৯ মার্চ একই স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। পূর্ববর্তী হামলাগুলোতে ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারের আঘাতে স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতি এবং সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটলেও প্রাণহানির ঘটনা ঘটেনি।
বিশ্লেষকদের মতে, জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে এবং আঞ্চলিক উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে।