ওমান উপসাগরে টহলরত ইরানের নৌবাহিনীর ১১টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকোম। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, “দু’দিন আগেও ওমান উপসাগরে ইরানের ১১টি যুদ্ধজাহাজ টহল দিয়ে বেড়াচ্ছিল। গতকাল সোমবার সবগুলোকে ধ্বংস করা হয়েছে। বর্তমানে ওমান উপসাগরে ইরানের কোনো যুদ্ধজাহাজ নেই।”
সেন্টকোম আরও দাবি করে, গত কয়েক দশক ধরে ওমান উপসাগর দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোতে হামলা ও হয়রানি করে আসছিল ইরান। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, এ অভিযান সেই পরিস্থিতির অবসান ঘটিয়েছে। বিবৃতিতে বলা হয়, “সেসব দিন শেষ হয়ে গেছে। আর ফিরবে না।”
তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
ওমান উপসাগর আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথের একটি গুরুত্বপূর্ণ রুট। এ অঞ্চলে সামরিক সংঘাত বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে।