
প্রকাশ: ২৮ জুন ২০২২, ৩:৫৮

জার্মানিতে যুদ্ধাপরাধের অভিযোগে নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পের এক শতবর্ষী গার্ডকে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) যোসেফ সুয়েৎজ নামের ওই ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি হলোকস্টে সম্পৃক্ততার অভিযোগে শাস্তির মুখোমুখি হওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি তিনিই।
আল জাজিরা জানায়, মঙ্গলবার নিউরাপ্পিন আঞ্চলিক আদালতের বিচারক উডো লেচটারম্যান এক রায়ে বলেন, যোসেফ সুয়েৎজের বিরুদ্ধে ১৯৪২ থেকে ১৯৪৫ সালের মধ্যে উত্তর বার্লিনের একটি নাৎসি ক্যাম্পে গার্ড হিসেবে দায়িত্ব পালনের সময় মানুষ হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে।
আসামি যোসেফ সুয়েৎজ বর্তমানে ব্রান্ডেনবার্গে বাস করছেন। নিজেকে তিনি সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। তার মতে, ক্যাম্পের ভেতরে চলা নিষ্ঠুর অপরাধের বিষয়ে তিনি অবগত না। সোমবার তার শুনানির শেষ দিনে তিনি বলেন, আমি এখানে (আদালত) কেন তা জানি না।
কিন্তু সরকারি কৌঁসলিদের দাবি, যোসেফ সুয়েৎজ ‘জেনে-শুনে এবং ইচ্চাকৃতভাবে’ তিন হাজার ৫১৮ জন মানুষের হত্যায় অংশ নিয়েছিলেন। এ কারণে তাকে পাঁচ বছরের শাস্তি দেয়ার আহ্বান জানানো হয়।
যুদ্ধাপরাধের অভিযোগে যোসেফের বিরুদ্ধে মামলার শুনানি শুরু হয় গত বছরের অক্টোবরে। সে সময় যোসেফ আদালতে দাবি করেন, হলোকাস্টের ঘটনার সময় তিনি দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি ফার্মে শ্রমিক হিসেবে কাজ করতেন।

কিন্তু আদালত বলছেন, হলোকাস্টের সময় যোসেফ নাৎসি পার্টির প্যারামিলিটারি দলের তালিকাভুক্ত সদস্য ছিলেন। এ সম্পর্কিত যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। সে নাৎসি সেনাদের হয়ে ক্যাম্পে কাজ করতেন। সেই সময় যোসেফের বয়স ছিল ২১। পাঁচ বছরের শাস্তি দেয়া হলেও বয়সের কারণে তাকে কারাগারে রাখার সম্ভাবনা কম।
পুরো বিচার প্রক্রিয়া ব্রান্ডেনবার্গে ১০১ বছর বয়সী যোসেফের বাড়ির একটি বড় জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়। বয়সের ভারে ন্যুব্জ এ প্রবীণকে প্রতিদিন শুনানির জন্য অন্ত আড়াই ঘণ্টা করে কাঠগড়ায় দাঁড়াতে হত। স্বাস্থ্যগত কারণে বেশ কয়েকবারই শুনানি বন্ধ রাখতে হয়।
এদিন রায়ের আগে যোসেফের আইনজীবী স্টেফান ওয়াটারক্যাম্প বলেন, আদালতে তিনি দোষী প্রমাণিত হয়েছে। তবে এ রায়ের বিরুদ্ধে তার মক্কেল আপিল করবেন। জার্মানি থেকে ইহুদিদের জাতিগত নিধনের লক্ষ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে হলোকস্ট তথা গণহত্যা চালান তৎকালে জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলার।
সে সময় ইহুদি হত্যার জন্য অসংখ্য কনসেনট্রেশন ক্যাম্প প্রতিষ্ঠা করে হিটলার নিয়ন্ত্রিত নাৎসি বাহিনী। ইতিহাসবিদদের তথ্য মতে, ওই গণহত্যায় ৬০ লাখ ইহুদি নিহত হয়।