
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৯

ফের ডিম, পেঁয়াজ ও ব্রয়লার মুরগি চড়া দামে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে প্রতি হালি ডিম ৫ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি কেজি পেঁয়াজ কিনতে ক্রেতার গুনতে হচ্ছে সর্বোচ্চ ১৩০ টাকা।
আর প্রতি কেজি ব্রয়লার মুরগি কিনতে খরচ হচ্ছে ২০০ টাকা। এছাড়া নতুন করে বেড়েছে আদা-রসুনের দাম। ফলে এসব পণ্য কিনতে বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে ভোক্তাকে। বাজারে গিয়ে উঠছে নাভিশ্বাস। সোমবার রাজধানীর খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

এদিকে গত বছরের নভেম্বরে প্রতি কেজি পেঁয়াজ ১৩০ টাকা বিক্রি হলেও ডিসেম্বরে ১৩৫ টাকায় বিক্রি হয়। তবে দেশি জাত বাজারে আসায় দাম কিছুটা কমে চলতি বছর জানুয়ারিতে ৮০-৯০ টাকায় বিক্রি হয়। তবে ফেব্রুয়ারির শুরুতে প্রতি কেজি পেঁয়াজ কিনতে ক্রেতার খরচ করতে হয়েছে ৯০-১০০ টাকা। আর সরবরাহ সংকটের অজুহাতে দাম বেড়ে সোমবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হতে দেখা যায় ১২০-১৩০ টাকায়।
রাজধানীর নয়াবাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা আলাউদ্দিন বলেন, পাইকারি বাজারে ১৫ দিন ধরে পেঁয়াজের দাম ফের বাড়ানো হচ্ছে। কিন্তু পাইকারি পর্যায়ে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। সরবরাহ সংকটের কথা বলে বিক্রেতারা হুহু করে দাম বাড়াচ্ছে। মনে হচ্ছে রমজান ঘিরে বাড়তি মুনাফা করতে তারা কারসাজি করছে। তাই এখনই পাইকরি পর্যায়ে তদারকি জোরদার করা দরকার।
