
প্রকাশ: ২ জুলাই ২০২২, ২৩:৫৯

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৫ লাখ ৯৫ হাজার পিস গলদা চিংড়ি রেণুপোনা উদ্ধার করা হয়েছে। শনিবার (২ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ডের বরিশাল স্টেশন কমান্ডার সাঃ লেঃ মোঃ ফজলুল হক এর নেতৃত্বে সদর উপজেলাধীন কীর্তণখোলা নদী সংলগ্ন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রেনুপোনাগুলো উদ্ধার করা হয়।
অভিযানে সন্দেহভাজন ১ টি ট্রাক তল্লাশী করে ৫ লাখ ৯৫ হাজার পিস গলদা রেনু চিংড়ি পোনাসহ ট্রাক চালককে আটক করা হয়। জব্দকৃত চিংড়ি রেণু পোনার বাজার মূল্য প্রায় টাকা ১১ লাখ ৯০ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত রেণু পোনা কোতয়ালী মডেল থানার দায়িত্বরত এসআই রেজাউল ইসলাম রেজা এবং উপজেলা মৎস প্রতিনিধি জয়দেব বাবুর উপস্থিতিতে বরিশাল ডিসিঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া আটককৃত ট্রাক চালক ও ট্রাকটি কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল জানান, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
