
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ১:৪

নেত্রকোনায় ৪৪ কেজি গাঁজাসহ কোরবান আলী (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পারলা এলাকায় ঢাকা বাসস্টেন্ড ঢাকাগামী শাহজালাল বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোরবান আলী গাজীপুর জেলার জয়দেবপুরের ওয়াবদা গেইট এলাকার মৃত নবাব মিয়ার পুত্র।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে এস আই আসাদ, এ এস আই রায়হান, এ এস আই সুবেন কুমার নন্দিসহ সঙ্গীয় ফোর্স গোপনসূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে নেত্রকোনা বাসস্ট্যান্ডের ঢাকাগামী শাহজালাল বাস (কোচ নং ঢাকা মেট্রো-ব ১৪১০৯১) থেকে কোরবান আলী (২৬)কে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, গোপনসূত্রের ভিত্তিতে নেত্রকোনা ঢাকা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে কোরবানকে আটক করা হয়। তার নিকট থেকে প্রথমে ২ কেজি গাঁজার সন্ধ্যান পাওয়া যায়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে বিভিন্ন স্থানে রাখা ব্যাগ ভর্তি মোট ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, কোরবান আলীর তথ্যমতে গাঁজার এ চালানটি পার্শবর্তী জেলা সুনামগঞ্জ থেকে আনা হয়। তার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে কোরবান আলী ২০ কেজি গাঁজাসহ গাজীপুরে আটক হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাদক মামলায় বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
