
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৮:৪৭

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার ও অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অবকাঠামো উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং জনগণের জীবনমান উন্নয়নে জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) জাপান সফরকালে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আগ্রহের কথা জানান। জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেইসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাতে প্রধানমন্ত্রী ২০২৬ সালের জুলাইয়ে জাইকার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় ঢাকায় অনুষ্ঠিত ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপানের দীর্ঘদিনের সহযোগিতা এবং জাইকার অবদানের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
বৈঠকে জাপানের সহায়তায় চলমান বড় উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অনুমোদনের অপেক্ষায় থাকা অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়ন দ্রুত করার বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বিবেচনায় সহজ শর্তে ঋণসহায়তা অব্যাহত রাখা এবং কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রস্তাব তুলে ধরে বাংলাদেশ। অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন খাতে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

এ ছাড়া বাংলাদেশ–জাপান দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব, প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠা এবং কৃষির আধুনিকায়নে সহযোগিতা সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতেও দুই দেশের যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের জ্বালানি চাহিদা ও নিরাপত্তা নিশ্চিত করতে গত বছরের মতো বাজেট সহায়তা দেওয়ার অনুরোধ জানানো হয়। জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে এ সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরে বাংলাদেশ।
জাইকার প্রেসিডেন্ট বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাজে লাগিয়ে উন্নয়ন সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।