কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রাক্কালে পাঁচজনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাতে বিজিবির অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, ১৬ নভেম্বর সন্ধ্যায় টেকনাফ সী-বীচ বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ লম্বরীঘাট এলাকা দিয়ে কয়েকজনকে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের গোপন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। রাত সোয়া সাতটার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে সেখানে থাকা পাঁচজন ভুক্তভোগীকে উদ্ধার করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার হায়দারপাড়ার মো. জাহিদুল ইসলাম, দক্ষিণ পাকারমড়ার মো. রাকিব হাসান, পোড়াখালীর মো. আব্দুল্লাহ হোসেন, রামু উপজেলার কিয়াজুর বিলের মো. আব্দুল গফুর এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির লম্বা মাঠ এলাকার মো. রিদুয়ান মিয়া।
বিজিবি অধিনায়ক জানান, মানব পাচারের বিরুদ্ধে তাঁদের অবস্থান অত্যন্ত কঠোর। উদ্ধার হওয়া ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।