রাজবাড়ীর গোয়ালন্দে দেওয়ান পাড়া রহমত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের এসএসসি- ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অবিভাবকবৃন্দের আয়োজনে এ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের সাবেক প্রভাষক এবিএম জিয়াউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আব্দুর রবসহ সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এসএসসি- ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাইফুল হুদা বলেন,
“জিপিএ-৫ অর্জন নিঃসন্দেহে গর্বের বিষয়। তবে এই ফলাফলই শেষ নয়; জীবনের প্রতিটি পর্যায়ে সততা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তোমাদের মেধা ও জ্ঞান ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।”
তিনি আরও বলেন, সাফল্য ধরে রাখতে হলে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। জীবনের প্রতিটি বাধাকে সম্ভাবনায় রূপান্তর করে নিজেদের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।