প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ১২:৭

কক্সবাজারের টেকনাফে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে তিনজনকে আটক করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, বৃহস্পতিবার পরিচালিত এসব অভিযানে প্রথমে শীলখালী চেকপোস্টে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় প্লাস্টিকের জারকিন ও বোতলে রাখা মোট ৬০ লিটার দেশীয় বাংলা মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিএনজি চালক মো. রেদোয়ান এবং যাত্রী মো. সেলিমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার থেকে টেকনাফে মদ নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
একই দিন দুপুরে হোয়াইক্যং চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী আরেকটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। বিজিবির প্রশিক্ষিত ডগ স্কোয়াডের সহায়তায় গাড়ির ব্যাটারির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় সিএনজি চালক দিল মোহাম্মদকে আটক করা হয়। বিজিবির দাবি, উদ্ধার হওয়া ইয়াবাগুলো টেকনাফ থেকে কক্সবাজারে নিয়ে গিয়ে বিক্রির পরিকল্পনা ছিল। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন এবং মাদক বহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।

দিনের তৃতীয় অভিযানে জীম্বংখালী বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এক ব্যক্তিকে ধাওয়া করে। জেলের ছদ্মবেশে থাকা ওই ব্যক্তি ব্যাগ ফেলে পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও পাচার ঠেকাতে বিজিবির অভিযান ধারাবাহিকভাবে চলবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক নির্মূলে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও একই ধরনের অভিযান অব্যাহত থাকবে।