প্রকাশ: ৩ মে ২০২৬, ১৮:২২

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে গোয়ালঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ বাদশা (৩৫) নামে এক চনা-মুড়ি বিক্রেতার মৃত্যু হয়েছে। তিনি স্থানীয়ভাবে ‘চনা বাদশা’ নামে পরিচিত ছিলেন।
রবিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।
নিহত মোহাম্মদ বাদশা ওই এলাকার মৃত দিলদার আহমদ দিলুর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হ্নীলা বাজারে চনা-মুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তিনি নিজ বাড়ির পাশে গরুর খামারে কাজ করতে যান। খামারের ভেতরে আগে থেকে একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল।
অসাবধানতাবশত সেই ছেঁড়া তার সরাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মুহূর্তের মধ্যেই গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানান স্বজনরা।
নিহতের ভাই মামুন বলেন, খামারের কাজে ব্যস্ত থাকায় তারা বুঝতে পারেননি যে তারে বিদ্যুৎ প্রবাহিত ছিল। স্পর্শ করার সঙ্গে সঙ্গেই দুর্ঘটনা ঘটে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, বাদশা ছিলেন একজন পরিশ্রমী ও সহজ-সরল মানুষ। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্বজনরা তার মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছেন।