কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর চরাঞ্চলের মানুষের উন্নয়ন ও অগ্রগতি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ছাড়া সম্ভব নয়। কৃষির উন্নয়নের ওপর দেশের উন্নয়ন ও অগ্রগতি নির্ভর করে।
বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় গ্রুপ সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন।
বুধবার দুপুরে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে গ্রুপ সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণ করা হয়। এসময় উপজেলার চরাঞ্চলের ৩০জন কৃষককে বিনামূল্যে লো লিফট পাম্প ও ক্যানভাস পাইপ দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন এতে সভাপতিত্ব করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, মানুষ বিনামূল্যে পাওয়া জিনিসকে গুরুত্ব দেয় না। চরাঞ্চলের কৃষির উন্নয়নে আরও প্রকল্প গ্রহণ ও কৃষি বিভাগের নিয়মিত তদারকি বৃদ্ধির পরামর্শ দেন। এছাড়া তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর দেওয়ার আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ জিয়াউর রহমান, কুড়িগ্রাম খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মেহেদী হাসান, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলাউদ্দিন মন্ডল বক্তব্য রাখেন।