বরিশাল সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (১৬ মার্চ) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। বরিশাল অডিটোরিয়ামে বিভাগীয় কমিশনারের কাছ থেকে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব বরিশাল গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবেন।
তিনি বলেন, নগরীর অবকাঠামোগত উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং নাগরিক সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনার কথাও জানান তিনি।
দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল ভারী, সচিব রুম্পা শিকদার এবং পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আফতাব মাহমুদ শিকদার, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার এবং জেলা (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আহসান হাবিবের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, জেলা পরিষদের মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা হবে এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করা হবে।