আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে রাজবাড়ীর ভোটকেন্দ্রগুলো ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজবাড়ী পৌরসভার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, রাজবাড়ীর জন্য আলাদাভাবে ড্রোন অপারেটর নিয়ে আসা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকা নির্ধারণ করে এবং কেন্দ্রের চাহিদা অনুযায়ী ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে বাড়তি পর্যবেক্ষণ। ইতোমধ্যে অস্থায়ী ক্যাম্পের টিমগুলো বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শুরু করেছে এবং রাজবাড়ীর দুটি আসনের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা হবে।
তিনি জানান, নির্বাচনকালীন সময়ে রাজবাড়ী হর্টিকালচার সেন্টারে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। একজন অফিসারের নেতৃত্বে আসনভিত্তিক পেট্রোল টিম মোতায়েন রয়েছে। পাশাপাশি সিভিল পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করবেন।
র্যাবের এ কর্মকর্তা বলেন, নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী—এই তিনটি ধাপকে মাথায় রেখে বাহিনী মোতায়েন করা হয়েছে। যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। কোনো ধরনের সহিংসতা বা অপতৎপরতার চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ফরিদপুর ও রাজবাড়ী জেলায় র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটের পরও যদি কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটে, সেক্ষেত্রেও দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্র পরিদর্শনকালে সিনিয়র এএসপি গাজী লুৎফর রহমান, ডিএডি রেজাউল করিমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।