
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২২, ২:৩৮

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে সামনে রেখে বন্ধ হচ্ছে সিলেট থেকে ঢাকা অভিমুখী বাস চলাচল। সিলেটের বাস কাউন্টারগুলো বুধবারের (৭ ডিসেম্বর) কোনো টিকেট বিক্রি করছে না।
তারা বলছেন, ৭ ডিসেম্বর বাস চলাচল করবে কিনা তা তারা নিশ্চিত নন।
ইউনিক পরিবহন সিলেটের হুমায়ুন চত্বর শাখা থেকে মো. মিজান জানান, টিকিট বিক্রি তারা পুরো বন্ধ করে দেননি। যারা জরুরি প্রয়োজন দেখিয়ে টিকিট কিনছেন তাদের জানিয়ে দেয়া হচ্ছে যে, বাস চলাচল না করলে যেন টিকিট দিয়ে টাকা ফেরত নেন।

নয়ন নামে গ্রীন লাইন পরিবহনের এক কর্মী জানান, বাস চলাচল করবে কিনা তার নিশ্চয়তা না থাকায় যাত্রীদের টিকিট নিতে নিরুৎসাহিত করা হচ্ছে।
বাস চলাচল অনিশ্চিত হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করে নগরীর মীর্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা আব্দুস সালাম বলেন, ৮ ডিসেম্বর তারিখ ঢাকায় আমার জরুরি কাজ। ৭ ডিসেম্বর যেতে চেয়েছিলাম। এভাবে গণপরিবহন বন্ধ করার এখতিয়ার কারো থাকা উচিত না। কিন্তু সরকারের মনে হয় এ বিষয়ে সায় আছে।