
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ২৩:৩৩

চলছে মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ অভিযানের শেষ মূহুর্ত। আর ২২ দিনের অভিযানে বরিশালের হিজলা উপজেলার বিভিন্ন স্থানে থেমে থাকেনি ইলিশ ব্যবসায়ীদের অবৈধভাবে ইলিশ নিধন ও সংরক্ষণ তৎপরতা। তার প্রমাণ মিলেছে মঙ্গলবার মধ্যরাতে বড় আকারের ২৮০ টি বরফ সহ একটি ট্রাক পুলিশের হাতে আটকের মাধ্যমে।
এসময় ট্রাকের চালক সহ আরও দুজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে ঝড় শুরুর আগের রাত থেকে হিজলায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। কবে নাগাদ বিদ্যুৎ সচল হবে তার ঠিক নেই। হয়তো এজন্য ইলিশ ব্যবসায়ীরা তাদের মজুদ করা মাছের জন্য ট্রাকে করে বরফ এনে থাকতে পারে।
হিজলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইউনুস মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা এলাকা থেকে বরফ সহ (খুলনা মেট্রো-ট ১১-০৯১৮) ট্রাকটি আটক করা হয়েছে। খুলনা থেকে বরফ বোঝাই করে হিজলায় আসে ট্রাকটি।
এসময় ট্রাকের চালক আলমগীর, হরিনাথপুর ইউনিয়নের টুমচর এলাকার আমজাদ হাওলাদারের ছেলে নজরুল হাওলাদার(৪৬), মহিষখোলা এলাকার আব্দুর রব চোকদারের ছেলে আরিফ চোকদার(২৯) কে আটক করা হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
বুধবার ২৬ অক্টোবর দুপুরে নজরুল হাওলাদার এবং আরিফ চোকদারকে হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার এর আদালতে হাজির করা হয়। মোবাইল কোর্টে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারায় দুজনের প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। ট্রাক চালক আলমগীরকে রিপোর্ট লেখা পর্যন্ত হাজির করা হয়নি মোবাইল কোর্টে । এ ঘটনার সাথে জরিত থাকার কারণে একটি মোটরসাইকেল ও একটি ট্রলার জব্দ করা হয়েছে।