ঢাকার তুরাগ নদ থেকে কে এম তাহসিন সাউরি (২৮) নামে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাহসিনের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান পরিদর্শক ফিরোজ উদ্দিন।
নিহত তাহসিন সাউরি বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় এখনো পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, তাহসিন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছিলেন। তাঁর মৃত্যুর সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।