
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ০:২৩

শুক্রবার (১৪ অক্টোবর) পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস। সারাদেশের মতো মেহেরপুরেও দিবসটি উদযাপন করা হয়। “প্রতিদিন একটি ডিম, পুষ্টি রয় সারাদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
সারাদেশের মতো মেহেরপুর জেলায় ডিম দিবস পালিত হলেও ডিমের বাজারে দাম বেড়েছে কয়েক গুন। জেলায় ডিমের বাজারে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। স্বাভাবিক বাজারের দামের চেয়ে বর্তমানে হালি প্রতি ডিম ১৪-১৬ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের।
বছরের অধিকাংশ সময় মেহেরপুরের বাজারে ১ হালি ডিম ৩২ টাকা দিয়ে কিনলেও এখন কিনতে হচ্ছে ৪৮ টাকা দিয়ে। এখন মেহেরপুরের বাজারে খাঁচা প্রতি ডিম বিক্রি হচ্ছে ৩৪০ টাকা দরে। যা স্বাভাবিক বাজারে বিক্রি হয় ২৪০ টাকা দরে। খাঁচা প্রতি ডিমের দাম বৃদ্ধি পেয়েছে ১০০ টাকা। প্রতি পিচ ডিম স্বাভাবিক বাজারে বিক্রি হয় ৮ টাকা দরে। আর, এখন প্রতি পিচ ডিম বিক্রি হচ্ছে সাড়ে ১২ টাকা দরে।

ক্রেতাদের অনেকেই বলছেন ডিমের তুলনায় দাম বেশি। শুক্রবার জেলার বাণিজ্য খ্যাত বামন্দী বাজারে কথা হয় খুচরা ব্যাবসায়ী আব্দুল মতিনের সাথে। তিনি জানান, 'মুদি দোকানে সব মালামালের সঙ্গে ডিমও রাখতে হয়। বর্তমানে ডিমের দাম পাইকারি দোকানে বেড়ে যাওয়ার ফলে খুচরা হিসাবে আমাদেরকে বেশিতে বিক্রি করতে হচ্ছে।'

মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সে ডিম কিনতে আসা একজন ক্রেতা রফিকুল ইসলাম। তিনি বলেন, 'সবকিছুর দাম যখন বাড়ছে তখন ডিমের দাম বৃদ্ধি পাবে এটা অস্বাভাবিক কিছু নয়। তবে সবকিছুই বাজার মূল্য সহনীয় পর্যায়ে থাকা উচিত।