
প্রকাশ: ২৯ জুন ২০২২, ১৬:২৪

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের রেলস্টেশন সংলগ্ন আবাসিক বোডিং এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল।সোমবার (২৭ জুন) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন ট্যাবলেট, আচার, মোবাইল ফোনসহ চকলেট জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে র্যাব-৮ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি মহাসড়কে চলাচলরত বাসে যাত্রীবেশে উঠে সাধারণ যাত্রী ও গরু ব্যবসায়ীদের অজ্ঞান করে মোবাইল ফোন, টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতো। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাসে চলাচলরত গরু ব্যাবসায়ীদের অজ্ঞান করে সর্বত্র লুট করতো এ চক্রটি। এক একটি চক্রে বেশ কয়েকজন সদস্য থাকে।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা ব্যবসায়ীকে টার্গেট করে বাসে ওঠে একই সিটে অথবা পাশাপাশি বসে। পরে ব্যবসায়ীর সাথে সম্পর্ক তৈরি করে কোন এক সদস্য। অন্য সদস্যরা আচার অথবা চকলেট বিক্রি করতে থাকে। ব্যবসায়ীর পাশে বসা সদস্য আচার কিনে খায়। গরু ব্যবসায়ী খেতে চাইলে কৌশলে অজ্ঞানের ঔষুধ মেশানো আচার দিয়ে দেয় চক্রের অন্য সদস্যরা। এরপর ঘুমিয়ে পড়লে সর্বত্র লুটে নেয় চক্রটি।

গ্রেফতারকৃতরা হলো, দাকোপ উপজেলার গুনারী গ্রামের মুক্তার মীরের ছেলে আলমগীর মীর, ডুমুরিয়া উপজেলার রাজাপুর গ্রামের আমজাদ গাজীর ছেলে মোঃ রিপন গাজী, খুলনার খালিশপুর উপজেলার মৃত হাফিজ খানের ছেলে মোঃ মাসুদ খাঁন, মোঃ লিটন গাজী এবং জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আঃ মান্নান মন্ডলের ছেলে মোঃ কিরা মিয়া।আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি