সরাইল থানার অফিসার ইনচার্জ মঞ্জুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে ২০২৫ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৩ অক্টোবর পর্যন্ত ১০ মাস ১৩ দিনে বিভিন্ন অভিযানে ১ হাজার ১১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে পেশাদার ডাকাত ৪৩, মাদক ব্যবসায়ী ১৪৫, নিয়মিত মামলার আসামি ৩৫৮, সাজাপ্রাপ্ত ৫৫, পরোয়ানাভুক্ত ৪৫৪ এবং অন্যান্য ১০৩ জন। নিয়মিত মামলায় গ্রেপ্তারদের মধ্যে ৫৪ জন ‘ডেভিল’ অভিযানের আসামি।
এ সময়ে দেওড়া মিন্টু, পাকশিমুল মিঠু, কালিকচ্ছ দত্তপাড়ার সুমন, কালিকচ্ছ মনিরবাগের নূর আহম্মদ, সৈয়দটুলার রায়হান, দেওড়ার আবু ছায়েদ, ধরন্তী ও সূর্যকান্দির সংঘর্ষে হাদিম মিয়া এবং কুট্টাপাড়ার জিহাদ হত্যা মামলার রহস্য উদ্ঘাটনসহ সংশ্লিষ্ট ঘটনায় প্রধান আসামিসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
উত্তর কুট্টাপাড়ার একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে ডাকাতির ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করে ডাকাত দলের সদস্যদের শনাক্ত এবং প্রধান ডাকাত আব্দুল গাফ্ফারকে গ্রেপ্তার করা হয়।
পানিশ্বর ইউনিয়নের শান্তিনগরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে লুণ্ঠিত ৩০ হাজার টাকা, দুটি রামদা, দুটি লোহার শাবল ও ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।
শাহবাজপুরের তিতাস নদীতে নৌকায় নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের শনাক্ত করে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অন্যান্য ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।