
প্রকাশ: ৪ আগস্ট ২০২১, ২:৯

শেরপুরে ভেজাল গুড় তৈরী ও বাজারজাত করার অপরাধে ২ ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর দশানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন স্থানীয় মো. হাতেম আলীর ছেলে মো. সাজল (৪০) ও মো. ঈমান আলীর ছেলে মো. আব্বাস উদ্দিন (৪৪)।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর দশানীপাড়া এলাকায় দুটি কারখানায় দীর্ঘদিন থেকে অস্বাস্থ্যকর পরিবেশে আখ ছাড়া শুধু চিনি, ময়দা, ডালডা, চিটাগুড় ও কেমিকেল মিশিয়ে ভেজাল গুড় তৈরিসহ বাজারজাত করে আসছিলেন সাজল ও আব্বাস উদ্দিন।
পরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমানের নেতৃত্বে বুধবার দুপুরে ওই দুটি কারখানায় অভিযান চালানো হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

পরে ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান ভেজাল গুড় তৈরি ও বাজারজাত করার দায়ে সাজলকে ৩ মাসের জেল ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের জেল এবং আব্বাস উদ্দিনকে ৩ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের জেল প্রদান করেন। পরে আদালতের নির্দেশে জব্দকৃত আলামত ধ্বংস করা হয়। তবে সাজাপ্রাপ্ত ২ ব্যক্তি জরিমানার টাকা পরিশোধ করেননি।
অভিযানকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উর্ধ্বতন কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।