
জয়পুরহাটে পাঁচবিবিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আসাদুল হক বাবু (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে পাঁচবিবি উপজেলার কল্যাণপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। নিহত কৃষক আসাদুল হক বাবু উপজেলার কল্যাণপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, বিকালে বাড়ির পাশে মাঠের জমিতে আসাদুল হক বাবুসহ কয়েকজন জাল দিয়ে মাছ ধরতে বের হন।

এসময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে কৃষক আসাদুল হক বাবু পুরো শরীর ঝলসে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।