
প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ২০:১২

যানবাহনের অতিরিক্ত চাপে অচলঅবস্থা দৌলতদিয়া ফেরিঘাটে। পশুবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত গাড়ীর চাপ ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে। এসব গাড়ীর চাপে দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ৮ শতাধিক যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে ঢাকামুখী পশুবাহী ট্রাকগুলো। নিদিষ্ট সময়ে গন্তব্যে পৌছাতে পারছে না দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা বাসগুলো।
শনিবার (১৭ জুলাই) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ঘুড়ে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাড়কের পদ্মার মোড় পর্যন্ত ৫ দীর্ঘ কিলোমিটার পর্যন্ত যাত্রীবাহী বাস, পশুবাহী ট্রাক রয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের ফেরিঘাট এলাকা সচল রাখতে ব্যাক্তিগত প্রাইভেটকার গুলোকে গ্রামীণ সড়ক দিয়ে ফেরিঘাটে আসার ব্যবস্থা করছে পুলিশ। অন্যদিকে গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে তিন কিলোমিটার এলাকায় অপচনশীল দ্রব্যের ট্রাকগুলোকে আটকে দিচ্ছে পুলিশ।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সামনে মহাসড়কে আটকে থাকা ফেরিঘাটগামী পশু ব্যবসায়ী মো. আফজাল হোসেন বলেন, আমরা পশুবাহী ট্রাক নিয়ে ৮ ঘন্টার মতো ফেরির মহাসড়কে সিরিয়ালে আটকে আছি। জানিনা কখন ফেরিতে উঠতে পারব আর গরুগুলোকে নিয়ে কখন ঢাকায় পৌছাবো। তিনি ক্ষোপ প্রকাশ করে বলেন, ফেরি সংকটের কারণে এই অচল অবস্থা সৃষ্টি হয়েছে। তাছাড়াও এ দীর্ঘ সময় ঘাটে আটকে থেকে ব্যবসায়ী সহ গরুর রাখালরা প্রচন্ড দূর্ভোগ পোহাচ্ছেন। দুপুরের দিকে তার একটি বড় গরু ক্লান্ত হয়ে গাড়িতেই পড়ে যায়। দীর্ঘ সময় তার মাথায় ঠান্ডা পানি দিলে পরে কিছুটা সুস্থ্য হয়।
ঝিনাইদহ থেকে আসা ছাগলের ব্যাপারী কাসেম শেখ বলেন, তিনি ৩০ টি খাসি নিয়ে ঢাকার গাবতলি হাটে যাচ্ছেন। শনিবার ভোর ৬ টার দিকে তিনি দৌলতদিয়া ঘাটে এসেছেন। সকাল ১০ টা পর্যন্ত মহাসড়কে আটকে আছেন। কখন ফেরির নাগাল পাবে তারা তা জানেন না।

দৌলতদিয়া ফেরিঘাটে আটকে পড়া জে আর পরিবহনের বাস চালক ফয়সাল হোসেন বলেন, দৌলতদিয়া ফেরিঘাটে আমাদের ১১ ঘন্টা পর্যন্ত আটকে থাকতে হচ্ছে। বার বার ঢাকা থেকে ফোন করছে দ্রুত সময়ে আসার জন্য। সেখানে সিডিউল ঠিক না রাখার জন্য আমাদের অনেক কথা শুনতে হচ্ছে। অনেক যাত্রী টিকেট কাটার পর গাড়ী সময় মত না পৌছানোর জন্য টিকেটের টাকা ফেরৎ চাচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক ঘাট ইনর্চাজ শিহাব উদ্দিন বলেন,দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি ফেরি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এই রুটে ছোট বড় মিলিয়ে ১৬টি ফেরি চলাচল করছে। তিনি বলেন তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। যে কারণে ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে।