
প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ২৩:০

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরে মো. শাকের (৪৫) নামের এক রোহিঙ্গা মৌলভীকে টর্চ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) গভীর রাতে শিবিরের গার্মেন্টস এলাকায় তাকে সন্ত্রাসীরা ধরে পিটিয়ে হত্যা করে রাস্তার পাশে ড্রেনে ফেলে দেয়া হয়। পরে আর্মড পুলিশ ব্যাটালিযন (এপিবিএন) সদস্যরা তাকে উদ্ধার করে। এ ঘটনায় ১০ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
নিহত মৌলভী নিবন্ধিত শিবিরের সি ব্লকের মৃত আবু তালেবের ছেলে।এপিবিএন জানায়, মৌলভী শাকেরের সাথে বিভিন্ন কারণে ক্যাম্পের অন্যতম সন্ত্রাসী দলের প্রধান জকির ডাকাতের মধ্যে সম্পর্ক খারাপ ছিল। জকির ডাকাতের মৃত্যুর আগ পর্যন্ত তিনি বছর দেড়েক শিবিরের বাইরে অবস্থান করেছিল। বেশ কয়েক মাস আগে জকির ডাকাত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। এরপর মৌলভী শাকের আবার শিবিরে ফেরেন। সেই সাথে ম্যাকানিক্যাল দোকান পরিচালনা করে আসছে।
অপর একটি সুত্র বলছে, মৌলভী শাকের শিবিরের আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবেও বেশ পরিচিত। হয় তো সেই কারণে মৃত জাফর আলমের ছেলে এনামত প্রকাশ এনাম ও তার সহযোগীরা তাকে হত্যা করেছে। এ ঘটনা ক্যাম্পের হাল সময়ের আলোচিত সন্ত্রাসী বাহিনী শালমান শাহ গ্রুপের কাজ বলেও ধারণা সাধারণ রোহিঙ্গাদের।


এ দিকে এ বিষয়ে ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক (এসপি) বলেন, পূর্ব শত্রুতার জের ধরে টর্চলাইটের আঘাতে রোহিঙ্গাকে খুন করা হয়। খবর পেয়ে তার মৃত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় টেকনাফ মডেল থানার পুলিশসহ অভিযান পরিচালনা করে ১০ জনকে আটক করা হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নিহত রোহিঙ্গার মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেই সাথে আটক ১০ জন রোহিঙ্গাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি শিবিরে পুলিশের টহল জোরদার রয়েছে।