বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি কার্যত অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ মুখোমুখি হবে দুই দল।
রোববার (১৫ মার্চ) রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে পাকিস্তানকে ৮ উইকেটে হারায় স্বাগতিক বাংলাদেশ। সেই ম্যাচে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দেয় টাইগার বোলাররা। বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা। তিনি ৭ ওভার বল করে ২৪ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন।
তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে সফরকারীরা সব উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে। পাকিস্তানের হয়ে ওপেনার মাজ সাদাকাত ৪৬ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন, যা দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ৬ দশমিক ৩ ওভারে ২৭ রান তুলতেই ৩ উইকেট হারায় টাইগাররা। এরপর বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। বৃষ্টি আইনে বাংলাদেশের জন্য ৩২ ওভারে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ২৪৩ রান।
তবে নতুন লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে ব্যাটারদের ব্যর্থতায় ২৩ দশমিক ৩ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে বৃষ্টি আইনে ১২৮ রানে ম্যাচ হারে মেহেদি হাসান মিরাজের দল।
সিরিজ নির্ধারণী ম্যাচে জিততে হলে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই উন্নতি করতে হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
তিনি বলেন, প্রথম ১০ ওভারে দল ভালো করতে পারেনি এবং টপ-অর্ডার ব্যাটাররা প্রত্যাশিত রান করতে পারেননি। তার আশা, শেষ ম্যাচে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেবেন।