দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পৌর সদরে অবস্থিত ব্রিটিশ আমলের ঐতিহাসিক ডাকবাংলোটি দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে এটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।
উপজেলা সদর থেকে থানা ভবনের উত্তর পাশে গেলেই চোখে পড়ে চুন-শুরকির গাঁথুনি ও ছাঁদ ঢালাইয়ে নির্মিত নান্দনিক স্থাপনাটি। একসময় প্রশাসনিক কর্মকাণ্ড, অতিথি আপ্যায়ন এবং ব্যবসায়িক আনাগোনায় মুখর ছিল ডাকবাংলোটি। কিন্তু সময়ের পরিক্রমায় তা এখন বিলুপ্তির পথে।
স্থানীয় সূত্র জানায়, ভবনটির ছাদ ও টিনের চালা দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ে। অনেক কক্ষের দরজা-জানালা নড়বড়ে, কোথাও একেবারেই নেই। ভেতরের আসবাবপত্র নষ্ট হয়ে গেছে, দেয়ালের ইট খুলে পড়ছে এবং ছাদের ওপর জন্মেছে আগাছা। নিরাপত্তা বেষ্টনীর ইট চুরি হয়ে প্রাচীর ভেঙে উন্মুক্ত হয়ে আছে পুরো এলাকা। নেই কোনো চৌকিদার বা পাহারাদার।
বয়োজ্যেষ্ঠদের মতে, ব্রিটিশ শাসনামলে নির্মিত এই ডাকবাংলোটি উপজেলার অন্যতম ঐতিহাসিক স্থাপনা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এটি ক্যাম্প হিসেবে ব্যবহার করেছিল। ঐতিহাসিক গুরুত্ব থাকা সত্ত্বেও অবহেলায় ধ্বংসের পথে স্থাপনাটি।
থানা থেকে প্রায় ১০০ গজ দূরে অবস্থিত ভবনটির বাউন্ডারি প্রাচীরের ইট, গ্যারেজের টিনের ছাউনি, পুরোনো গাছপালা এবং ভেতরের চেয়ার-টেবিল ও খাটসহ বিভিন্ন সামগ্রী লুটপাটের শিকার হয়েছে।
ঘোড়াঘাট উপজেলা সহকারী ভূমি কমিশনার আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, “ডাকবাংলোটি সংস্কার ও পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” সচেতন মহল দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।