
প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ২১:৫৪

পবিত্র মাহে রমজানের সওগাতঃ রমজান মাস হচ্ছে আল কুরআন নাজিলের মাস। এতে মানুষের কল্যান ও অকল্যান এর দিক নির্দেশনা রয়েছে। রয়েছে তাদের পূর্নাঙ্গ জীবন ব্যবস্থার বর্ণনা। আল কুরআন লাওহে মাহফুজ থেকে বায়তুল মামুরে একত্রে শবে-কদরের রজনীতে অবর্তীন হয়। অত:পর প্রয়োজন অনুসারে অল্প অল্প করে হযরত মুহাম্মদ (সঃ) এর নবুয়তি জীবনে ২২ বছর ৫মাস ১৪দিন বসে অবর্তীন হয়। মহান আল্লাহ ইরশাদ করেন- "রাসুল তোমাদের যা কিছু অনুমতি দেন তা তোমরা গ্রহন কর এংব যা কিছু নিষেধ করে তা থেকে বিরত থাক, এবং আল্লাহ তায়ালাকে ভয় কর। অবশ্যই আল্লাহ তায়ালা কঠোর শাস্তি দাতা"। (সূরা আল হাশর ৫৯:৭)
পবিত্র আল-কুরআনের সংক্ষিপ্ত পরিচিতিঃ কুরআনের মধ্যে ৩০ টি পারা, ১১৪টি সূরা, এর মধ্যে ৮৬টি মাক্কী সূরা এবং ২৮টি মাদানী সূরা রয়েছে। ৮৬৪৩০ টি শব্দ। প্রসিদ্ধ বর্ণনা মতে ৩২০,২৬৭ টি হরফ ইবনে মাসউদ (রাঃ) মতে ৩২২৬৭১টি হরফ রয়েছে। প্রসিদ্ধ মতে সেজদার সংখ্যা ১৪টি, ইমাম শাফেয়ী (রঃ) এর মতে ১৫টি, রুকুর সংখ্যা ৫৪০টি, ওয়াকফ ৫৫৮টি, মনজিল ৭টি, আয়াত সংখ্যা হযরত আয়েশা (রা:) মতে ৬৬৬৬টি যা এভাবে ভাগ করা হয়েছে। ওয়াদার আয়াত ১০০০, ভীতি প্রদর্শক আয়াত ১০০০, আদেশ সূচক আয়াত ১০০০, নিষেধ সূচক আয়াত ১০০০, উদাহরন সম্বলিত আয়াত ১০০০, ঘটনাবলী সম্বলিত আয়াত ১০০০, হালাল নির্দেশক আয়াত ২৫০, হারাম নির্দেশক আয়াত ২৫০, তাসবীহ সম্বলিত আয়াত ১০০, বিবিধ বিষায়ক আয়াত ৬৬টি। কুরআনের মুকুট বলা হয় সূধা আর রহমানকে। আর কুরআন এর জননী বলা হয় সূরা আল-ফাতিহাকে। সুরা ইয়াছিন কে বলা হয় কুরআনের কলব।
বিজ্ঞানের দৃষ্টিতে রোজাঃ রোজা রাখার কারনে পেপটিক আলসার, ফুলা রোগ এবং প্রদাহ উপসম হয়। স্নায়ু প্রক্রিয়া রক্তসঞ্চালন এবং দেহের গ্রন্থি সমূহের উপর রোজার সুফল ও প্রতিক্রিয়া সর্বাধিক। রোজা মস্তিষ্ক স্নায়ু তন্তুকে সর্বাধিক উজ্জিবীত করে। বিজ্ঞানী মেঘনাত সাহা বলেছেন রোজা মুসলমান ধর্মাবলম্বীদের একটি ধর্মাঙ্গ বিধায় এতে প্রচ্ছন্ন রয়েছে বহু বিজ্ঞান এবং স্বাস্থ্য সৌষ্ঠব।
৬ষ্ঠ তারাবিহঃ অষ্টম পারার শেষার্ধ থেকে নবম পারার শেষ পর্যন্ত পঠিত হয়েছে। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন- হে আদম সন্তানেরা আমি তোমাদের উপর পোষাক সংক্রান্ত বিধান। পাঠিয়েছি যাতে করে এর দ্বারা তোমাদের গোপন স্থান সমূহকে ঢেকে রাখতে পার এবং নিজেদের সৌন্দর্য ও ফুটিয়ে তুলতে পার। তবে আসল পোষাক হচ্ছে কিন্তু তাকওয়া। (সুরা আল আরাফ ৭:২৬) আল্লাহ আমাদেরকে রমজানে হক আদায় করার তাওফিক দান করুক।

লেখা: মাওলানা মোহাম্মদ আমির হোসেন তালুকদার, অধ্যক্ষ, কাউনিয়া বালিকা আলিম মডেল মাদ্রাসা, বরিশাল।
চলবে-