চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন ‘বিলিয়নেরেরা’খ্যাত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। এরই মধ্যে রাজধানী ঢাকায় পৌঁছেছেন জনপ্রিয় এই গায়িকা। তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন ভক্তরা।
বাংলাদেশে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওটিলিয়া। ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের সুন্দর শহরে পৌঁছেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত। আমার অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না।’
‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই সংগীত আয়োজনে ওটিলিয়ার সঙ্গে মঞ্চে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফুয়াদ নিজেই।