মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন শেখ হাসিনা। সে কারণেই তিনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের পরিবার নিয়ে নানামুখী ষড়যন্ত্র করেছেন।
তিনি বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো। একটি পরিবারকে নানাভাবে বিপর্যস্ত করার জন্য পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা কোনো কিছু বাদ রাখেননি।
রিজভী আরও বলেন, মুক্তিযোদ্ধা পরিবার হওয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করেছিল ফ্যাসিবাদী সরকার। হাসিনা কোনোভাবেই জিয়া পরিবারের দেশপ্রেম বরদাশত করেননি।
তিনি বলেন, জিয়া পরিবারের প্রতি শেখ হাসিনার বিরূপ মনোভাবের কারণে তাদের ওপর নানামুখী নির্যাতন ও ষড়যন্ত্র চালানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আরাফাত রহমান কোকোর জীবনও বিপর্যস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
রিজভীর ভাষ্য, দেশের মানুষ এখন অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো শক্তিকে জনগণ ভবিষ্যতে আর রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে না।