জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মিছিলটি বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।
রিজভী বলেন, এই মিছিলের উদ্দেশ্য হলো ফ্যাসিবাদের পুনরুত্থানের যেকোনো চেষ্টা প্রতিহত করা। যারা অতীতে জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র ও স্বাভাবিক জীবনধারা কেড়ে নিয়েছিল, তারা এখন আবারও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি অভিযোগ করে বলেন, পতিত শক্তি চুরি ও পাচার করা অর্থ ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে এসব ষড়যন্ত্র সফল হবে না।
তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর নানা দমন-পীড়নের মধ্যেও টিকে ছিল। এই সময়ে নেতাকর্মীদের ওপর পুলিশ, র্যাব ও গোয়েন্দা বাহিনীর মাধ্যমে দমন-পীড়ন চালানো হয়েছে। বহু নেতাকর্মী নিহত, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন বলে তিনি দাবি করেন।
রিজভী বলেন, ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরুসহ বহু নেতাকর্মীকে গুম করা হয়েছে। কিন্তু জনগণ এখন আর সেই দমননীতি মেনে নেবে না।
তিনি আরও দাবি করেন, দেশে গণতন্ত্র, বহুদলীয় ব্যবস্থা ও মতপ্রকাশের স্বাধীনতাকে আবারও দমনের ষড়যন্ত্র চলছে, যা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।