
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৮:৩১

দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং এলাকার সমস্যা ও প্রত্যাশার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে সংসদ সদস্যদের উদ্দেশে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
দুপুর আড়াইটায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।
সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকের মূল মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৈঠকে সংসদীয় কার্যক্রমের পাশাপাশি সরকারের সামগ্রিক কর্মকাণ্ড ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে অংশ নেওয়া সংসদ সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, আলোচনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পের বর্তমান অবস্থা এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের বিষয় উঠে আসে। এসব ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়েও মতবিনিময় করেন নেতারা।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের চলতি অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সরকারদলীয় সব সংসদ সদস্যকে নিয়মিত ও যথাসময়ে অধিবেশনে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন। সংসদের প্রতিদিনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

এ বিষয়ে রোববার জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি একটি অফিস আদেশ জারি করেন। সেখানে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে সংসদ সদস্যদের অধিবেশনে উপস্থিতি নিশ্চিত করার বিষয়টি জানানো হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
একই সঙ্গে দেশের বাইরে অবস্থানরত সরকারদলীয় সংসদ সদস্যদের দ্রুত দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে যোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। চলতি অধিবেশনে বুধবারের বৈঠকটি ছিল সরকারি দলের দ্বিতীয় সংসদীয় সভা।