বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের বেশ কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড। বুধবার (১৮ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে বলা হয়, ইরানের একাধিক আকাশপথের হামলা প্রতিহত করেছে বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে হামলায় ব্যবহৃত প্রক্ষেপণের ধরন বা সংখ্যা উল্লেখ করা হয়নি। এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত তথ্যও জানানো হয়নি।
এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুটি সতর্কবার্তা প্রকাশ করেছে। এতে নাগরিক ও দেশটিতে বসবাসরত ব্যক্তিদের শান্ত থাকার পাশাপাশি নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়।
এর আগে মঙ্গলবার ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তারা। মার্কিন সামরিক ড্রোনের বারবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের জবাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানায় সংস্থাটি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর তেহরান ইসরায়েল এবং আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে জবাব দেয়। এরপর বাহরাইনের সর্বশেষ পরিস্থিতি ঘিরে আঞ্চলিক উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে।