শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন দেশ অস্থিতিশীল করার চেষ্টা করবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সরকার এসব অপচেষ্টা প্রতিহত করবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি বলেন, দেশ অস্থিতিশীল করার চেষ্টা শুধু এখন কিংবা ডিসেম্বর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। ডিসেম্বরের পরেও কোনো না কোনো সময় অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে এসব অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, তাঁকে হাজার হাজার লোক নিয়ে পালিয়ে যেতে হয়েছে। তিনি যত দিন বেঁচে থাকবেন, তাঁর এ চেষ্টা চলবে বলে সরকার মনে করে। তবে সরকার এসব অপচেষ্টা প্রতিহত করবে।
শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে আগেভাগেই নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে উল্লেখ করে শ্রমিকদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
তথ্য উপদেষ্টা জানান, পোশাকশ্রমিকদের মজুরি সাধারণত পাঁচ বছর পরপর পর্যালোচনা করা হয়। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন মজুরি বোর্ড গঠনের কথা ছিল না। তবে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বৃদ্ধির বিষয় বিবেচনায় নিয়ে সরকার সহানুভূতিশীল অবস্থান থেকে আগেই বোর্ড গঠন করেছে।