জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় যে তথ্য প্রকাশ করেছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অত্যন্ত ভুল বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই তথ্য প্রত্যাহারের দাবি জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন তার আন্তর্জাতিক আইনি উপদেষ্টা। চিঠিটি ২৮ মে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইন পরামর্শক স্টিভেন পাউলেসের মাধ্যমে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই ও আগস্টের বিক্ষোভ সংক্রান্ত জাতিসংঘের প্রতিবেদনে নিহতের যে সংখ্যা উল্লেখ করা হয়েছে, তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আইনি উপদেষ্টার দাবি, অন্তর্বর্তী সরকারের নিজস্ব নথি অনুযায়ী নিহতের সংখ্যা ভিন্ন।
চিঠিতে আরও বলা হয়, শেখ হাসিনার সরকারকে অপসারণের প্রক্রিয়াকে বৈধতা দিতে এই ধরনের অতিরঞ্জিত তথ্য ব্যবহার করা হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছিল ৪৬ দিনে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হন, যার বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যান।
শেখ হাসিনার পক্ষের দাবি, অন্তর্বর্তী সরকারের প্রকাশিত গেজেট অনুযায়ী নিহতের সংখ্যা ৮৩৪ জন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হিসেবে তা আরও কম। তাই প্রকৃত সংখ্যা আরও কম হতে পারে বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।