পবিত্র ঈদুল আজহার আগে আজ রোববার সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। ঈদ উপলক্ষে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি, যা চলবে ৩১ মে পর্যন্ত।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগে থেকেই ২৮ মে পবিত্র ঈদুল আজহা ধরে ছুটির পরিকল্পনা নেওয়া হয়েছিল। ওই পরিকল্পনায় ঈদের আগে ২৬ ও ২৭ মে দুই দিন এবং ঈদের পর ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিন দিনসহ মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ছুটি দীর্ঘায়িত হয়।
এর আগে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৭ মে মন্ত্রিসভা বৈঠকে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয় এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
পরবর্তীতে ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অনেক অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট সাত দিন বন্ধ থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে। হাসপাতাল, চিকিৎসা সেবা, চিকিৎসক ও ওষুধ পরিবহন সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির বাইরে থাকবে।
আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।