শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির মাঝে আগামী ১৮ মার্চ একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার্যবণ্টন (কার্যপ্রণালী বিধিমালা, ১৯৯৬)-এর তফসিল অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্ষমতাবলে নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ছুটির দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। ফলে সরকারি প্রশাসনসহ অধিকাংশ দপ্তরের কার্যক্রম ওই দিন স্থগিত থাকবে।
তবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জরুরি সেবাসংক্রান্ত কার্যক্রম এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ, হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা অন্তর্ভুক্ত।
এ ছাড়া চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও স্বাভাবিকভাবে চলাচল করবে। জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোও খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ব্যাংক কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালতের কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
সরকারের এ সিদ্ধান্তের ফলে শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ছুটির ধারাবাহিকতায় নতুন করে আরও একটি ছুটি যুক্ত হলো।