ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন ৫ লাখ ৭৫ হাজার ২৬৯ জন প্রবাসী বাংলাদেশি ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৩৮ হাজার ৮০৮ জন এবং নারী ভোটার ৩৬ হাজার ৪৫৯ জন।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালট সংক্রান্ত ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। এ ব্যবস্থায় প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
ইসি জানায়, পোস্টাল ভোট ব্যবস্থায় অংশ নিতে হলে নির্ধারিত অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
নিবন্ধন কার্যক্রম বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, লিবিয়া, মরিশাস, মালয়েশিয়া ছাড়াও আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে চলমান রয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটার নির্ধারিত পদ্ধতিতে ভোট প্রদান করে ফেরত খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে সম্পৃক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ইসির কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, পোস্টাল ভোট ব্যবস্থা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।