রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌর এলাকায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস নিয়ে এক গৃহবধুর আত্নহত্যার ঘটনা ঘটেছে।
নিহত গৃহবধূ উপজেলার পৌরসভা ২ নং ওয়ার্ড দেওয়ান পাড়া এলাকার মোঃ সোনাই শেখের স্ত্রী রোকেয়া বেগম (৫০)।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোকেয়া বেগম মঙ্গলবার আনুমানিক সকাল ১১ টা থেকে বেলা ১২ টার মধ্যে নিজ বসত ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন রোকেয়া বেগমকে ঝুলে থাকতে দেখে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে পরিবারের সহায়তায় নিচে নামিয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালন্দ ঘাট থানার এসআই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত হয়ে মৃতদেহ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম জানান, পৌরসভার দেওয়ান পাড়া এলাকায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।