প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১২

৪৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৪৯০ জনকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের প্রায় সাত মাস পর এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলো।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে নিয়োগ আদেশ জারি করা হয়। পরদিন শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আদেশটি প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রশাসন ক্যাডারে ২৪৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ ক্যাডারে ৪৮ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ৯ জন কর্মকর্তা নিয়োগ পেয়েছেন।
নিরীক্ষা ও হিসাব ক্যাডারে নিয়োগ পেয়েছেন ২৯ জন। এর বাইরে অন্যান্য ক্যাডারেও বিভিন্ন সংখ্যক কর্মকর্তা নিয়োগ পেয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশনা না পেলে নির্ধারিত তারিখেই কর্মকর্তাদের যোগদান করতে হবে।
নির্ধারিত সময়ে যোগদান না করলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরিতে যোগ দিতে অনিচ্ছুক বলে গণ্য হবে এবং নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।
এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে প্রয়োজনে আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করা হয়েছে।
এর আগে গত বছরের ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এক হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের সুপারিশ করেছিল কমিশন।