ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আসন্ন নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর।
রোববার (৮ ফেব্রুয়ারি) রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা–বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “খুব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। আপনারা গণমাধ্যমকর্মীরা আমাদের সহযোগিতা করবেন। কোথাও যদি কোনো ধরনের কারচুপি বা অনিয়ম দেখা যায়, সঙ্গে সঙ্গে জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।”
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নির্বাচন সুষ্ঠু হবে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যে জায়গায় যে ধরনের ব্যবস্থা প্রয়োজন, সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকের মতবিনিময় সভায় সেসব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই।”
সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।