সৌদি আরবে পরিচালিত সাম্প্রতিক ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের উস্কানিমূলক হামলা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করছে।
সোমবার এক বিবৃতিতে ইসলামাবাদ জানায়, সৌদি আরবের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং দেশটির শান্তি ও সমৃদ্ধির প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্নে সবসময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে সৌদি আরবকে সহায়তায় সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে ইসলামাবাদ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, এ ধরনের হামলা শুধু একটি দেশের নিরাপত্তাকেই নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা পরিস্থিতিকেও ঝুঁকির মুখে ফেলে। তাই উত্তেজনা বৃদ্ধি না করে শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।