ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী নির্বাচনে আবারও ক্ষমতায় ফিরলে দেশটির প্রায় ২৩ শতাংশ নাগরিক দেশ ছাড়ার কথা ভাবছেন। একটি নতুন জনমত জরিপে উঠে আসা এ তথ্য দেশটির রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
শনিবার প্রকাশিত চ্যানেল ১২-এর জনমত জরিপের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, জরিপে অংশ নেওয়া ২৩ শতাংশ উত্তরদাতা বলেছেন, নেতানিয়াহু পুনরায় ক্ষমতায় এলে তারা ইসরায়েল ছেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করবেন। অন্যদিকে ৬৮ শতাংশ নাগরিক জানিয়েছেন, তারা এই মুহূর্তে দেশ ছাড়ার কোনো পরিকল্পনা করছেন না। আর অবশিষ্ট উত্তরদাতারা এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
জরিপে আরও দেখা গেছে, চলতি সপ্তাহে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের পাস করা একটি বিতর্কিত নতুন আইনের বিরোধিতা করেছেন প্রায় ৬৭ শতাংশ নাগরিক। ওই আইনের মাধ্যমে তাওরাত অধ্যয়নকে আধা-সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাধ্যতামূলক সামরিক সেবা এড়িয়ে যাওয়া কট্টর অর্থোডক্স ইসরায়েলিদের গ্রেপ্তার থেকে সুরক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।
জরিপ অনুযায়ী, মাত্র ২১ শতাংশ নাগরিক এই আইনকে সমর্থন জানিয়েছেন। বাকি উত্তরদাতারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মীয় ও সামরিক ছাড় সংক্রান্ত এই নতুন আইনের কারণেই সাধারণ নাগরিকদের একটি বড় অংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। সেই অসন্তোষের প্রতিফলন হিসেবে অনেকেই ভবিষ্যতে দেশ ছাড়ার বিষয়টি বিবেচনা করছেন। বিষয়টি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।