লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক আগ্রাসন এবং ইরানের প্রধান সমুদ্রবন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কথিত অবৈধ অবরোধের তীব্র প্রতিবাদ জানিয়ে তেল আবিব ও ওয়াশিংটনকে কঠোর সতর্কবার্তা দিয়েছে তেহরান।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেন, “ইরানের ধৈর্যেরও একটি নির্দিষ্ট সীমা রয়েছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সামুদ্রিক অবরোধ কিংবা লেবানন সীমান্তে নতুন উত্তেজনা ইরান কোনোভাবেই মেনে নেবে না।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও তীব্র হয়েছে। রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় জানান, বিদেশি জাহাজ ও মার্কিন সামরিক বহরের ক্ষেত্রে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নতুন নৌ নির্দেশনা মানা বাধ্যতামূলক, অন্যথায় সেগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
এর আগে তেহরান এক সামুদ্রিক বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলেছিল, হরমুজ প্রণালী অতিক্রমকারী বিদেশি বাণিজ্যিক ও সামরিক জাহাজকে ইরানের নির্দেশনা মানতে হবে।
এদিকে দক্ষিণ ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমান হামলা এবং পারস্য উপসাগরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।