
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৭

দীর্ঘ দুই দশকের শাসন শেষে সিরিয়া ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রোববার সকালে একটি উড়োজাহাজে চেপে রাজধানী দামেস্ক ত্যাগ করেন তিনি। তবে তার গন্তব্য এখনও নিশ্চিত করা যায়নি।
রয়টার্স জানিয়েছে, সিরিয়ার দুই শীর্ষ সেনা কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। বিদ্রোহীদের অগ্রযাত্রায় দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
বিদ্রোহীরা জানিয়েছে, তারা বিনা বাধায় রাজধানী দামেস্কে প্রবেশ করেছে। সরকারি বাহিনী তাদের কোনো প্রতিরোধ করেনি।
বিদ্রোহীদের এক নেতা বলেছেন, “আমরা সিরিয়ার জনগণের জন্য একটি নতুন অধ্যায় শুরু করতে চাই। বন্দিদের শৃঙ্খল খুলে তাদের মুক্ত করা হয়েছে। সেদনায়া কারাগারের অন্ধকার যুগের অবসান ঘোষণা করছি।”
দামেস্কের শহরতলীতে অবস্থিত সেদনায়া কারাগারে আসাদ সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেখানে হাজার হাজার মানুষকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছিল।

কয়েক ঘণ্টা আগেই বিদ্রোহীরা হোমস শহরের দখল নেওয়ার ঘোষণা দেয়। মাত্র এক দিনের লড়াইয়ের মধ্যেই তারা শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
দামেস্ক ও হোমসের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল হারানোর পর আসাদের ক্ষমতায় টিকে থাকা কার্যত অসম্ভব হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বিদ্রোহীদের এ জয় সিরিয়ার ইতিহাসে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
অন্যদিকে, আসাদের সমর্থক বাহিনী এখন কী অবস্থান নেবে, তা নিয়ে জল্পনা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিদ্রোহীদের সঙ্গে আলোচনার পথেই হয়তো তাদের এগোতে হবে।
সিরিয়ায় এমন পরিবর্তনের ফলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মেরুকরণ হতে পারে। আন্তর্জাতিক মহল এখন সিরিয়ার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
ইনিউজ৭১.