
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ৪:১

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের মোরবি জেলায় মাচ্ছু নদীতে নির্মিত শত বছরের পুরোনো একটি ঝুলন্ত সেতু ভেঙে অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। রোববার সন্ধ্যার দিকে সেতু ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে যান বলে দেশটির একাধিক গণমাধ্যম খবর দিয়েছে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মোরবি জেলার মাচ্চু নদীতে চারদিন আগে উদ্বোধন করা ঝুলন্ত সেতু ভেঙে পড়েছে। এতে সেতুতে থাকা অনেকেই নদীতে পড়ে আহত হয়েছেন।গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মেরজার বরাত দিয়ে দেশটির দৈনিক দ্য হিন্দু বলছে, মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের প্রাণহানির তথ্য রাজ্য সরকার পেয়েছে।

এনডিটিভি বলেছে, ভেঙে পড়ার সময় পাঁচ শতাধিক মানুষ সেতুতে ছিলেন। তাদের মধ্যে অন্তত ১০০ জন আটকা পড়েছেন। সেতু ভেঙে পড়ার পর উদ্ধার অভিযানে স্থানীয়রাও অংশ নিয়েছে। তিন দিনের সফরে গুজরাটে অবস্থানরত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতু ভেঙে পড়ার এই ঘটনায় জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি