প্রকাশ: ১৪ জুন ২০২৬, ২০:২৮

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করতে ব্যাপক কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্য খাতে বড় অঙ্কের বরাদ্দ দিয়েছে।
রোববার নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পরিদর্শন এবং ১০ জেলায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব তথ্য তুলে ধরেন। এ সময় স্বাস্থ্য খাতের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
তিনি বলেন, সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ হাজারই নারী। এসব কর্মী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। মাতৃস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যকেন্দ্রভিত্তিক সেবাকে আরও শক্তিশালী করা হবে।
জটিল রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে চারটি হেলিকপ্টার কেনার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। উপজেলা পর্যায় থেকে গুরুতর রোগীদের জেলা সদর কিংবা রাজধানীর বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরে এসব হেলিকপ্টার ব্যবহার করা হবে।
ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ মোকাবিলায় নারায়ণগঞ্জসহ দেশের ১০ জেলায় আইসিইউ সেবা চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে এই সেবাগুলো চালু করা হয়েছে বলেও জানান।

হাসপাতাল পরিদর্শনের সময় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের পরিবেশ ও রান্নাঘরের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিন দিনের মধ্যে পরিস্থিতির উন্নয়ন ঘটানোর নির্দেশ দেন এবং ব্যর্থ হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শুধু দায়িত্ব পালন নয়, সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে স্বাস্থ্য খাতকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া নারীদের জন্য দুটি ১ হাজার ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতালসহ দেশের বিভিন্ন স্থানে মোট ২০টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, ক্যান্সার চিকিৎসাসহ আধুনিক স্বাস্থ্যসেবার সুযোগ-সুবিধা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।