দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। এবার প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণবিষয়ক স্থায়ী কমিটি নতুন করে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়।
নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা। প্রতি ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।
এর আগে বৃহস্পতিবার ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা করা হয়েছিল। ১৮ নভেম্বর কমানো হয়েছিল ২ হাজার ২১৬ টাকা। ১৪ নভেম্বরও একই পরিমাণ কমানো হয়। এ ছাড়া ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮, ১২ নভেম্বর ২ হাজার ২১৬, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।
সব মিলিয়ে টানা আট দফায় ভরিতে ২৮ হাজার ৫১৮ টাকা কমেছে। আগে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থাকা দাম এখন ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায় নেমেছে।
চলতি বছরে এ পর্যন্ত ১৪১ বার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার বেড়েছে, ৭৫ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় হয়েছে। ২০২৫ সালে ৯৩ বার সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।