দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা।
শনিবার (২৮ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ২৮১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৩০ টাকা।
এর আগে শুক্রবার (২৭ মার্চ) বাজুস স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৭ বার দাম বাড়ানো এবং ২১ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পেয়েছিল।