
প্রকাশ: ১৯ মে ২০২৪, ৩:২৪

বরিশালে অনলাইনের বিভিন্ন সাইটে বাজিগর, ফুজিমেটা ডট কম, ওয়ান এক্সবেট সহ বিভিন্ন এ্যাপস্ এর মাধ্যমে জুয়া খেলাসহ এ্যাপস্’র একাধিক এজেন্ট একাউন্ট এর মাধ্যমে প্রায় ৭০/৭২ জন অনলাইন জুয়ারীদের নিকট অনলাইনে কয়েন (পয়েন্ট) কেনাবেচা করার অভিযোগে অনলাইন জুয়া ব্যবসায়ীর হোতা ইব্রাহিম খান কামরানকে গ্রেফতার করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ।
শনিবার দুপুরে কোতয়ালী থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার মোঃ আলী আশরাফ ভূঞা। আটকৃত ইব্রাহিম খান কামরান এর ব্যবহৃত নগদ ও বিকাশ একাউন্টে দুই লক্ষ তিহাত্তর হাজার টাকা পাওয়া যায়। অভিযান পরিচালনা করেন কোতয়ালী মডেল থানার অফিসার-ইনচার্জ এটিএম আরিচুল হক এবং ইন্সপেক্টর (অপারেশন) বিপ্লব মিস্ত্রি।

উপ পুলিশ কমিশনার মোঃ আলী আশরাফ ভূঞা বলেন, ইব্রাহিম খান কামরান নগরীর ৯ নং ওয়ার্ডে রসুলপুর নিবাসী মোঃ আবুল কালাম খানের পুত্র। তার হেফাজত থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে, সে একজন অনলাইন জুয়ারী ব্যবসায়ী। তার সাথে সোহেল, নুর ইসলাম সহ আরো অজ্ঞাতনামা ৩৫/৪০ জন তাকে অনলাইন জুয়া ব্যবসা সহ কয়েন (পয়েন্ট) কেনাবেচায় সাহায্য করে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
