
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ০:৫১

নওগাঁর মান্দায় পরিত্যাক্ত অবস্থায় একটি আম বাগান থেকে ১৮ টি তাজা ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আম বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, ভোরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভুট্টুর আম বাগানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা। এসময় মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল বলেন, পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামীকে আটকের জন্য আগে থেকেই ওই এলাকায় ছিলো। আম বাগানে ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ ব্যাগ থেকে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের একটি আম বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৮ টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
